নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১৮ জানুয়ারি রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা ও মহাদেবপুর থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মান্দা থানাধীন বান্দাইপুর মোড়ে অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে মো. মিজানুর (৪৩) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর ওই গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।

একই রাতে ১০টা ৪৫ মিনিটের দিকে মহাদেবপুর উপজেলার মমিনপুর গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে আসামি খয়বারের (৫৫) বাড়ির সামনে অভিযান চালিয়ে তার হেফাজত হতে আরও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত খয়বার মমিনপুর গ্রামের মৃত মোজ্জামেলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মান্দা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের সাড়াসি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন