জয়পুরহাটে ফজলুর রহমান সাঈদের সমর্থনে গণজোয়ার

জয়পুরহাটে ফজলুর রহমান সাঈদের সমর্থনে গণজোয়ার

গোলাম রব্বানী, জয়পুরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় ১০ দলীয় নির্বাচনী জোটের এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই পথসভায় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমির মো. ফজলুর রহমান সাঈদের পক্ষে বিপুল জনসমাগম ঘটে, যা অনেকটা ‘গণজোয়ারে’ রূপ নেয়।

জয়পুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, “জয়পুরহাট দীর্ঘকাল ধরে অবহেলার শিকার। আমরা কেবল ক্ষমতা নয়, বরং একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে জয়পুরহাট সদর ও পাঁচবিবি এলাকাকে উত্তরবঙ্গের অন্যতম আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।” তিনি বেকারত্ব দূরীকরণ ও সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় বক্তারা উল্লেখ করেন, জয়পুরহাট একসময় একটি বিশেষ দলের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও, এবারের পরিস্থিতি ভিন্ন। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। বাস টার্মিনাল এলাকার এই বিশাল উপস্থিতিই প্রমাণ করে যে ভোটাররা ১০ দলীয় জোটের ওপর আস্থা রাখছেন। বিশেষ করে পাঁচবিবি ও সদর এলাকার তরুণ ভোটারদের মাঝে ফজলুর রহমান সাঈদকে নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সভায় ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং জয়পুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় তারা মাঠ ছাড়বেন না। পথসভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন