সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারী টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল। অভিযোগপত্রটি তিনি নিজ ফেসবুক পেজে প্রকাশ করেছেন।

হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বেয়াই, ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের মেয়ের জামাতা।

অভিযোগ সূত্রে জানা যায়, মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার অনেক সম্পদ গোপন করেছেন। অ্যায়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন, সিঙ্গাপুরে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যা হলফনামায় উল্লেখিত তথ্যের হাজারগুন বেশি।

২০১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি সরকারি টাকা আত্মসাৎ করে দেশে এবং বিদেশে স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ করেছেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর সময় সিরাজগঞ্জে নিজের পদ থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। এছাড়া কামারখন্দ উপজেলা ছাত্রলীগ নেতা বিজয় হত্যার মামলার শার্জশীটেও তার নাম আছে।

চারটি হত্যা মামলার আসামী হয়ে বর্তমানে মুন্না পলাতক রয়েছেন। দুর্নীতির মাধ্যমে তিনি বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ সম্পদ সঞ্চয় করেছেন। অভিযোগকারীর পক্ষ থেকে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, “২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে এমপি হয়েছেন মুন্না। হলফনামায় তথ্য গোপন করেছেন। দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিদেশে পাচার করেছেন। এসব বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অনিয়ম ও দুর্নীতি করার সাহস না পায়।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন