ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত সর্দার আবু সায়েদকে (৬০) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল হরিপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের ধনু মিয়ার ছেলে আবু সায়েদকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথবাহিনী। গ্রেফতারকৃত আবু সায়েদ হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আবু সায়েদ ওই এলাকায় দীর্ঘদিন ধরে হত্যা, ডাকাতি, চুরি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে আটক আবু সায়েদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ