গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিশেষ সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ উভয় মুসল্লিদের জন্য পৃথক ওযু ও নামাজের আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের নির্ধারিত স্থানে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মসজিদ নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, গত বছর ৪ সেপ্টেম্বর এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবির। এছাড়াও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই পাঞ্জেগানা মসজিদটি নির্মিত হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জামাতের সঙ্গে নামাজ আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন