ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটকীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান। এর ফলে এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর লড়াই করার পথ সুগম হলো।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক ও প্রভাবশালী নেতাকে গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে তাকে এই সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত দলের বৃহত্তর স্বার্থে এবং নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালনের সুবিধার্থেই তিনি প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনিরুল হক চৌধুরী আগে থেকেই সক্রিয় ছিলেন। একই দল থেকে আমিনুর রশিদ ইয়াসিন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের ভেতরে এক ধরণের বিভক্তি ও অস্বস্তি সৃষ্টি হয়েছিল। তবে শেষ মুহূর্তে ইয়াসিনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কুমিল্লা বিএনপির নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংবাদ সম্মেলনে ইয়াসিন জানান, দলের ঐক্য বজায় রাখা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে তিনি এই ত্যাগ স্বীকার করেছেন।
এর আগে গত বছরের ১২ মার্চ হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। দীর্ঘদিনের ত্যাগী এই নেতা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়ে এখন থেকে জেলার সবগুলো আসনের দলীয় প্রার্থীর পক্ষে সমন্বয়ের কাজ করবেন বলে জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ