ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল হওয়ায় কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ৬৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে তার দ্বৈত নাগরিকত্ব ইস্যু তুলে ধরে এই মনোনয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। ওই আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের রায় প্রদান করে।
ইসি সূত্রে জানা গেছে, প্রার্থিতা বাতিলের সময় নির্বাচন কমিশনের শুনানিতে আবদুল গফুর ভূঁইয়া কিংবা তার পক্ষে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার দাবি জানিয়ে আজ উচ্চ আদালতে এই রিটটি দাখিল করা হয়। আদালত থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত এলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ