ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: আসিফ মাহমুদ

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে তারা স্পষ্টভাবে জানাতে চান—জনগণ তাদের নির্বাচিত করলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেটের ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ গণভোটের পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘গত ১৫ মাস দায়িত্বে থাকার সময় বঞ্চিত কুমিল্লার উন্নয়নে কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নের জন্য গত দেড় বছরে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন কেবল একটি ঘোষণার অপেক্ষা।’ তিনি আরও বলেন, ‘যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

তিনি অভিযোগ করে বলেন, কুমিল্লাকে নিয়ে শেখ হাসিনার বিশেষ ধরনের বিরূপ মনোভাব ছিল। সেই কারণে নতুন প্রকল্প তো দূরের কথা, চলমান প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়। যেখানে পাকা রাস্তা ছিল, কাজ শেষ না হতেই তা মাটির রাস্তায় পরিণত হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ নানা নিপীড়নের অভিজ্ঞতা মানুষ পেয়েছে। আবার গত ১৭ মাসেও মানুষ নিপীড়নের শিকার হয়েছে। এই অভিজ্ঞতাই ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট।’

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন