ফেনীতে ২ কোটি টাকা ব্যয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

ফেনীতে ২ কোটি টাকা ব্যয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

ফেনী প্রতিনিধি: গ্রামের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২ কোটি টাকা ব্যয়ে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বানাপুকুর এলাকায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ‘তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়। সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. তাহের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব আল-হোসেন এবং সাংবাদিক আবু তাহের। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক আব্দুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান এবং বন্ধুর বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল, সমাজসেবক তাজুল ইসলাম, হোম প্লাসের এমডি আবু সুফিয়ান মাসুম এবং সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক এম. তাহের উদ্দিন জানান, প্রায় ১৩ শতাংশ জায়গার ওপর ২ কোটি টাকা ব্যয়ে এই চিকিৎসালয়টি নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ জন কনসালট্যান্ট ও ২ জন মেডিকেল অফিসারের সমন্বয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং পরিশেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সমাজসেবক তাজুল ইসলাম।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন