দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নালিতাবাড়ী ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: নালিতাবাড়ী ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

পুলক রায়, শেরপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা বিএনপির সম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাহিম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন আনারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিতর্কিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছিল। তাঁর এসব কর্মকাণ্ডে স্থানীয় পর্যায়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল বলে ওয়ার্ড বিএনপির একাধিক নেতা লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তাঁর কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে দলের জন্য বিব্রতকর। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে আনোয়ার হোসেন আনার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি অভ্যন্তরীণ রাজনীতির শিকার। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের অংশ হিসেবেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন