ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলাভুক্ত বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলাসহ বিভিন্ন পৌর ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করা এই মহান নেতা দেশের প্রতিটি সংকটে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। একজন পেশাদার সৈনিক হিসেবে অস্ত্র হাতে যেমন দেশ স্বাধীন করেছেন, তেমনি রাষ্ট্রনায়ক হিসেবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও দেশপ্রেম আজও প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে আছে।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবনীর ওপর আলোকপাত করে বলেন, ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে তাঁর অসীম সাহসিকতা আজও ইতিহাসের অংশ। জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সংগঠন, যা তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বারবার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে। বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ