ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বন্ধের দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক কর্মী হঠাৎ করে এই মিছিল বের করে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীরা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজের নির্দেশে এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল সরকারের নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিল থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না দেওয়ার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝটিকা মিছিলের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা দ্রুত পালিয়ে যায়। তিনি আরও জানান, ইতোমধ্যে মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন