ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মকবুলার রহমান, ডোমার উপজেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপি-জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক ফলপ্রসূ ঘরোয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এই সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য সুসংহত করা এবং নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান অবস্থা, নির্বাচনী মাঠের সমীকরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জোটের উন্নয়ন ভাবনা পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার শপথ নেন তৃণমূলের কর্মীরা।
মতবিনিময় সভায় বিএনপি-জোট মনোনীত প্রার্থী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ডোমারের মানুষ গণতন্ত্রপ্রিয় ও অধিকার সচেতন। আপনাদের এই ঐক্যবদ্ধ শক্তিই আগামীর বিজয়ের মূল ভিত্তি। আমরা যদি শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে পারি, তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের বিজয় অনিবার্য—ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় জোটের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সেই দায়িত্ববোধ থেকেই ত্যাগ ও আদর্শকে সামনে রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভা শেষে নেতৃবৃন্দ ডোমার উপজেলায় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ