ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা কারাগারে হাজতি অবস্থায় আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, গ্রেপ্তারের পর দুদিন তাকে থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে।
নিহত আবুল বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারের দাবি অনুযায়ী, তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন এবং পেশায় মাটি ও বালু ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন অভিযোগ করে বলেন, গত ১৪ জানুয়ারি গভীর রাতে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল বাশারকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে তারা দাবি করেন। পরিবারের অভিযোগ, বাশারকে দুদিন থানায় আটকে রেখে প্রচণ্ড শারীরিক নির্যাতন করা হয় এবং পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৬ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়।
লক্ষ্মীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি ডাকাতি মামলায় তাকে কারাগারে আনা হয়েছিল। তিনি আরও বলেন, "নিহতের দুই সহযোগী আমাকে জানিয়েছে যে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ তাকে মারধর করেছে। বিষয়টি জানার পর আমরা তাকে কারা হাসপাতালে চিকিৎসা দিয়েছিলাম। বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।"
নির্যাতনের অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি আদালতে থাকার অজুহাতে এড়িয়ে যান। পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ