গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সাইদুল ইসলাম সানাউল্লাহ, গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই-বাছাইয়ে হলফনামাসহ আনুষঙ্গিক সব তথ্য সঠিক থাকায় তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর ও গাজীপুর সদর এলাকায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। মনোনয়ন বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আল্লাহর অশেষ রহমতে তার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এটি মূলত সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের জয়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে শ্রীপুরসহ আশপাশের এলাকায় চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার প্রার্থিতা গাজীপুর-৩ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন