ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুনরায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নওগাঁর আত্রাই সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার এই আদেশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ডা. ইকরামুল বারী টিপুর গাড়ির সামনে ‘ধানের শীষে ভোট দিন’ সম্বলিত দলীয় পতাকা ব্যবহার করতে দেখা গেছে, যা আচরণবিধিমালা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এছাড়া তার ছবি ও দলীয় প্রতীক সম্বলিত ২০২৬ সালের ক্যালেন্ডার মান্দা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও দোকানে ঝুলতে দেখা গেছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করেছে বিচারিক কমিটি।
এই অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারিও একই প্রার্থীর বিরুদ্ধে প্রাক-নির্বাচনী প্রচারণার অভিযোগে শোকজ করা হয়েছিল। সেই সময় দোয়া মাহফিল ও শোকসভায় প্রকাশ্যে ভোট চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে প্রথম দফায় তলব করা হয়।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু জানান, তফসিল ঘোষণার আগেই কিছু ক্যালেন্ডার সমর্থকরা বিতরণ করেছিলেন। বর্তমানে তার গাড়িতে কোনো ধরনের ব্যানার বা পতাকা নেই দাবি করে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে নিজের লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বলে নিশ্চিত করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ