ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপরই বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শুক্রবার (২৩ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. ওলী উল্লাহ জোরালোভাবে প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছেন। তবে ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইনের পক্ষে এখনো কোনো দৃশ্যমান প্রচার প্রচারণা দেখা যায়নি।
জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইন জানান, নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগছে, তবে খুব দ্রুতই তারা মাঠে নামবেন। ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনও একই সুরে জানান, শীঘ্রই তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওলী উল্লাহ বলেন, “প্রতীক পেয়েই আমরা নির্বাচনী আচরণবিধি মেনে তিনটি উপজেলার সর্বত্র প্রচারণা চালাচ্ছি এবং ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।”
বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা জানান, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা সুশৃঙ্খলভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন এবং প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, “সকল প্রার্থীকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না; অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ