১২ ফেব্রুয়ারি ধানের শীষই বিজয় হবে, ইনশাআল্লাহ: সালাহউদ্দিন আহমদ

১২ ফেব্রুয়ারি ধানের শীষই বিজয় হবে, ইনশাআল্লাহ: সালাহউদ্দিন আহমদ

১২ ফেব্রুয়ারি শীষের বিজয় হবে ইনশাআল্লাহ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির বিজয় নিশ্চিত হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যার মালিক হবে দেশের সব মানুষ।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন। 

তিনি বলেন, বাংলাদেশে যেন আর কখনো গুমের ঘটনা না ঘটে, কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা সইতে না হয়—বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে আর কোনো মানুষ গুম হবে না এবং গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে তারা অবশ্যই বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোও তাদের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে, জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল ভোট দিলে জান্নাত পাওয়ার প্রলোভন দেখিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে, এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে জনগণের সঙ্গে আছেন। কারাবন্দি থাকায় ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি, সে সময় তার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ তার চেয়েও বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এজন্য তিনি ও তার পরিবার আজীবন জনগণের কাছে কৃতজ্ঞ। 

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে তার জীবনও ঝুঁকির মুখে পড়েছিল। একসময় মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনতেই বিএনপির এই লড়াই।

পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতাকর্মী।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন