ধুনটে ‘হ্যাঁ’ ভোটের মিছিলে হামলা: জামায়াত কর্মী আহত

ধুনটে ‘হ্যাঁ’ ভোটের মিছিলে হামলা: জামায়াত কর্মী আহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলার এলেঙ্গী বাজার এলাকায়। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী সেখানে অতর্কিতভাবে উপস্থিত হয়ে প্রচার কার্যক্রম বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় জামায়াতে ইসলামীর পাঁচজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২)। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা ও আবু বক্করের অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে এজাহার জমা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘাতময় পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন