ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামে এক ভুয়া সাংবাদিক ও চিহ্নিত চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত জহির মোল্লা বসুনরসিংহদিয়া গ্রামের লতিফ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তিনি অনলাইনে ‘বঙ্গ টিভি’ ও ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামে দুটি অনিবন্ধিত ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং মোটরসাইকেলের সামনে ‘সাংবাদিক’ স্টিকার ব্যবহার করে চলাফেরা করতেন।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার আগ্নেয়াস্ত্র ব্যবহার ও চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি বিবেচনায় তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথবাহিনী এক বার্তায় জানায়, সমাজ থেকে চাঁদাবাজ ও অপরাধী নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়। পরে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ