বগুড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বগুড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের হুমকির অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কাছে এ বিষয়ে অভিযোগ জানান বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট অধ্যাপক আব্দুল মতিন।

অভিযোগে বলা হয়, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম নষ্ট করছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এছাড়া প্রচারণার সময় নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে স্বাভাবিক নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

অধ্যাপক আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমরা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

অভিযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন