ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনিকে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পর তাকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা এবং সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কালিরহাট বাজারে স্থানীয় বিএনপির একটি নির্বাচনী বৈঠক চলছিল। সেখানে মিজান উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে কালিরহাট বাজারের উত্তরে কাজী বাড়ির সামনে একদল ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মাথায় ও মুখে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে মরদেহ সড়কে ফেলে রাখা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও একটি টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ