ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযথ মর্যাদায় আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন। কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে এদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি আজীবন লড়াই করেছেন। তাঁর আদর্শই আমাদের আগামী দিনের পথচলার পাথেয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম সরকার ও মো. রফিকুল ইসলাম চৌধুরী টুকু। বক্তারা বলেন, শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে কৃষি ও শিল্প বিপ্লব সূচিত হয়েছিল। তাঁর দেশপ্রেম ও সততা আজও রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ