ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে এসব নির্বাচনী প্রতীক তুলে দেন।
নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ হাতপাখা এবং জাতীয় পার্টির মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন কলস, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল ও সুকৌশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করবেন।
অন্যদিকে, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ, জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী ছড়ি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কলস ও ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ