নড়াইলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত ৮

নড়াইলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত ৮

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে নড়াইল সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই একই পক্ষের লোক বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা হলেন—নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের সানোয়ার মোল্যা (৫০), শহীদুল মোল্যা (৪০) এবং বড়গাতি গ্রামের ইমাম জিন্নাত (৩০), সুজন শেখ (৩৫), শহীদুল শেখ (৪০), হাফিজ সরদার (৪৫), মহিদুল মোল্যা (৬০) ও সাইফুল ইসলাম (৩০)।

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি মামলা সংক্রান্ত কাজে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন ওই আটজন। তারা সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড় এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের গতিবিধি রোধ করে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন