জামায়াত তলে তলে আওয়ামী লীগের সাথে ছিল: স্বেচ্ছাসেবক দল নেতা

জামায়াত তলে তলে আওয়ামী লীগের সাথে ছিল: স্বেচ্ছাসেবক দল নেতা

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে প্রচারণা চালিয়েছে ডা. যুবাইদা রহমান পরিষদ। তবে এই প্রচারণা শেষে আয়োজিত সভায় জামায়াতে ইসলামীকে ‘ইসলামের শত্রু’ এবং ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর।

 রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। ডা. যুবাইদা রহমান পরিষদের জেলা শাখার আহ্বায়ক সাম্মী আক্তার রশ্মি ও রিয়াজ মাতুব্বরের নেতৃত্বে এতে জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিলাশ চত্বরে আয়োজিত পথসভায় রিয়াজ মাতুব্বর বলেন, "জামায়াত হলো ইসলামের শত্রু। তারা এদেশের ধর্মভীরু মানুষদের বিভ্রান্ত করছে। তারা বলে—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে; এগুলো ইসলামের ভুল ব্যাখ্যা।"

তিনি আরও অভিযোগ করেন, "বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যখন আমাদের ভাইয়েরা গুম হয়েছে, রাজপথে গুলি খেয়েছে, তখন জামায়াতকে রাজপথে দেখা যায়নি। তারা পিরোজপুরের রাজপথে একটি কথাও বলেনি। মূলত তারা তলে তলে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করেছিল।"

 গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দল ও যুবাইদা রহমান পরিষদের নেতৃবৃন্দ। সমাবেশে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদারসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন