লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনোযোগী হতে হবে: মুন্সীগঞ্জের পুলিশ সুপার

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনোযোগী হতে হবে: মুন্সীগঞ্জের পুলিশ সুপার

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন, নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিনয়ী ও ন্যায়বিচারের মতো গুণাবলীর প্রতি মনোযোগী হতে হবে। রোববার (১৮ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই এবং এটি শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

বর্ণাঢ্য এই আয়োজনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও আকর্ষণীয় দলগত ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষিত এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন