অভিযানের পরও কমলগঞ্জে থামছে না অবৈধ বালু উত্তোলন

অভিযানের পরও কমলগঞ্জে থামছে না অবৈধ বালু উত্তোলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রশাসনের অভিযানের পরও থামছে না অবৈধভাবে বালু উত্তোলন। উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদী থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিনিয়ত বালু লুটে মেতেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে স্থানীয় আব্দুল কাদিরকে ১ লাখ টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এই কড়া পদক্ষেপের পরও বালু খেকোরা বেপরোয়া। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই ওই এলাকায় পুনরায় ৮-১০টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেছে প্রভাবশালী সিন্ডিকেটটি।

জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সরকার যেমন কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনপদ। এর প্রতিবাদে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, "ধর্মপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।"

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন