ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগার থেকে এবার ৭ জন নারীসহ মোট ৭৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কারাগারে কর্মরত ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীও একই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, 'ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং' (আইসিপিভি) পদ্ধতিতে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের এই সুযোগ দেওয়া হচ্ছে। বগুড়া জেলা কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে মোট এক হাজার ৯৭৫ জন বন্দি রয়েছেন। শুরুতে ৮৭ জন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও এনআইডি ত্রুটি, জামিন বা অন্য কারাগারে স্থানান্তরের কারণে চূড়ান্ত তালিকায় ৭৮ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
অতিরিক্ত জেলার নূরুল মুবীন জানান, কারাবন্দিদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার চালানো হয়েছে। নিবন্ধিত ভোটারদের জন্য নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট পাঠানো হবে। গোপন ব্যালটে ভোট দেওয়ার পর তা ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
কারাবন্দিদের এই ভোটাধিকার নিশ্চিত করাকে নাগরিক অধিকারের ইতিবাচক দিক হিসেবে দেখছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন। তিনি বলেন, একজন অপরাধী সাজা শেষে আবারও সমাজে ফিরে আসে, তাই তার মত প্রকাশের অধিকার থাকা জরুরি। এই উদ্যোগ তাদের মৌলিক অধিকারকে আরও সুদৃঢ় করবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ