ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসের সঠিক পরামর্শে টমেটো চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও বাজারজাতে ব্যস্ত সময় পার করছেন তারা।
উপজেলার গাড়াদহ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কৃষক মো. মেহেদী হাসান ৬০ শতাংশ জমিতে টমেটো চাষ করে সাফল্যের মুখ দেখছেন। তিনি জানান, কৃষি অফিসের পরামর্শে বীজ ও সার ব্যবহার করে চার মাস আগে চাষ শুরু করেছিলেন। এখন প্রতিটি গাছে থোকায় থোকায় টমেটো শোভা পাচ্ছে। বাজারে চাহিদাও বেশ ভালো। আড়তে প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে এর দাম কেজিপ্রতি ৬০ টাকা পর্যন্ত।
একই চিত্র দেখা গেছে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামেও। সেখানে পাইকারি বাজারে প্রতি মণ টমেটো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই গ্রামের চাষি নুরনবী জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ও দাম উভয়ই ভালো পাওয়ায় তারা অত্যন্ত খুশি। প্রতি বিঘায় ১৫০ থেকে ২০০ মণ পর্যন্ত টমেটো উৎপাদিত হচ্ছে। জহুরুল নামে আরেক চাষি জানান, বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে দেড় লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন তিনি। খরচ বাদে তার অন্তত এক লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চলতি অর্থ বছরে শাহজাদপুরে ২৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার শতভাগ। বি এল ৬৪২, বাহুবলী, বিপুল প্লাস ও বিউটি প্লাসের মতো উন্নত জাতের টমেটো চাষ হওয়ায় এই মৌসুমে কৃষকরা প্রায় ৫০ লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে। শাহজাদপুরের উৎপাদিত বিষমুক্ত এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ