ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৪ (কালিহাতী) নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫৩) নামে এক বিএনপি সমর্থকের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার দল পালিমা থেকে লুহুরিয়া পৌঁছালে এই হামলার শিকার হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই হামলা চালায়।
হামলায় গুরুতর আহত আব্দুল কুদ্দুসকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলাউদ্দিন আল আজাদসহ বাকিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান জানিয়েছেন, কুদ্দুসের মাথায় গভীর ক্ষত থাকায় ১২টি সেলাই লেগেছে এবং তিনি এখনো আশঙ্কামুক্ত নন। অন্যান্য আহতরা হলেন—নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০) ও কাজিম উদ্দিন (৫৭)।
এই হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো কালিহাতী উপজেলায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। নারান্দিয়া, এলেঙ্গা, সহদেবপুর, রামপুর ও বল্লাসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলার মোড়ে মোড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড এম তৌফিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ