ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত দু'জন।
নিহতরা হলেন— মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান (যাত্রী), পিকআপ চালক রুবেল এবং মৌলভীবাজার সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াসনগরের শাহাপুর এলাকায় শ্রীমঙ্গলগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী নূর ও যাত্রী রুবেল মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কটি অত্যন্ত সরু হলেও এখানে নিয়মিত দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। পর্যাপ্ত স্পিড ব্রেকার ও নজরদারি না থাকায় প্রায়ই এখানে প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সিএনজি চালক আলী নূরের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে জানান, সকালেও কাজে বের হয়েছিলেন তিনি, কিন্তু বিকেলে আর ঘরে ফেরা হলো না। দুই সন্তান নিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির। তারা এই দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টি.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ