কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলমের প্রচারণা তুঙ্গে: জয়ের লক্ষ্যে দিনরাত মাঠে

কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলমের প্রচারণা তুঙ্গে: জয়ের লক্ষ্যে দিনরাত মাঠে

আজিজুল ইসলাম, কুলিয়ারচর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটগ্রহণের আর মাত্র ৩ দিন বাকি থাকায় প্রচারণার মাঠ এখন পুরোপুরি দখলে নিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যস্ত সময় পার করছেন।

গণসংযোগ ও উঠান বৈঠককালে শরীফুল আলম এলাকার অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ ও নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এছাড়া সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে আমাদের।” উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ভোটারদের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মীসভাগুলোতে শরীফুল আলম নেতাকর্মীদের শান্ত থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সকালে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি কর্মসূচিতে তাঁর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকছেন, যা প্রচারণায় বাড়তি মাত্রা যোগ করেছে।

ভৈরব ও কুলিয়ারচর এলাকার সাধারণ ভোটাররা জানান, শরীফুল আলম এলাকায় সশরীরে উপস্থিত হয়ে কথা বলায় তারা উৎসাহিত। বিশেষ করে এলাকার প্রধান সমস্যা কর্মসংস্থান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রার্থীর সরাসরি অঙ্গীকার তাদের মনে আশার সঞ্চার করেছে। উল্লেখ্য, এই আসনে মোট ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন