ঘোড়াঘাটে অবৈধ ডাক্তারের বিরুদ্ধে অভিযান: ৪২ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে অবৈধ ডাক্তারের বিরুদ্ধে অভিযান: ৪২ হাজার টাকা জরিমানা

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধ ক্লিনিক, লাইসেন্স বিহীন ল্যাবরেটরী এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।

আদালত সূত্রে জানা যায়, ওষুধ সংরক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে ওসমানপুরে অবস্থিত লাইসেন্স বিহীন আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা এবং ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখা অবস্থায় কামাল হোসেন নামে এক ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রানীগঞ্জে অবস্থিত লাইসেন্স বিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি নিয়ম ও লাইসেন্স মেনে পরিচালনা করতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। এ সময় ঘোড়াঘাট থানার এসআই মো. মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন