যশোরে হাতপাখা প্রতীক পেলেন ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী

যশোরে হাতপাখা প্রতীক পেলেন ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ছয়টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা তাদের দলীয় প্রতীক 'হাতপাখা' বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের পর থেকেই জেলাজুড়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

যশোরের ছয়টি আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন— যশোর-১ (শার্শা) আসনে আলহাজ্ব বখতিয়ার হোসেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মাস্টার ইদ্রিস আলী, যশোর-৩ (সদর) আসনে অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, যশোর-৫ (মণিরামপুর) আসনে জয়নাল আবেদীন টিপু এবং যশোর-৬ (কেসবপুর) আসনে গাজী সহিদুল ইসলাম।

প্রতীক গ্রহণ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় জানান, দলের আমিরে জামাআতের নির্দেশনা অনুযায়ী ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার মাধ্যমে তাদের নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক ধাপ শুরু হলো। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা জনসমর্থন আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। ইসলামী আন্দোলনের প্রার্থীরাও কাল থেকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণার প্রস্তুতি গ্রহণ করেছেন। যশোর জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে প্রচারণা চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির জেলা দায়িত্বশীলরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন