ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জামালপুরের ইসলামপুরে জব্দকৃত ১২৫ বস্তা অবৈধ পলিথিন পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ইসলামপুর থানা কম্পাউন্ডের মাঠে এই ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে পৌরসভার বেপারী পাড়া এলাকা থেকে ৩ হাজার ১২৫ কেজি ওজনের ১২৫ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা। ওই অভিযানে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। জব্দকৃত সেই পলিথিনগুলো আজ রাতে ধ্বংস করার উদ্দেশ্যে থানা কম্পাউন্ডের এক কোণে জড়ো করে আগুন দেওয়া হয়। কিন্তু দাহ্য পদার্থ হওয়ায় আগুন মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিশাল শিখা ও ধোঁয়া সৃষ্টি করে। এ সময় ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মীর মোটরসাইকেলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া পলিথিনগুলো এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করার প্রক্রিয়া চলছিল। পলিথিনে আগুন দেওয়ার কিছুক্ষণ পর উত্তাপ ও শিখা আকস্মিকভাবে বেড়ে যায়। উপস্থিত সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ