ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরায় রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন আচরণ বিধিমালা–২০২৫ প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর ও দায়িত্বশীল পরিবেশে আলোচনা সম্পন্ন হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিসেস আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি এবং ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। সভার সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আখতার নির্বাচন আচরণ বিধিমালা–২০২৫ কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও প্রার্থীদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন পিছপা হবে না বলে তিনি সতর্ক করেন।
সভায় উপস্থিত বিজিবি অধিনায়কদ্বয় সীমান্ত এলাকার নিরাপত্তা ও নির্বাচনীকালীন টহল জোরদার করার বিষয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে একটি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরায় একটি আদর্শ ও দৃষ্টান্তমূলক নির্বাচন সম্পন্ন হবে। এ সময় নির্বাচনী কর্মকর্তাবৃন্দ আচরণবিধির বিভিন্ন খুঁটিনাটি দিক প্রার্থীদের সামনে ব্যাখ্যা করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ