ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমিও ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতিকে ঘৃণা করি। সোমবার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, দেশের জনগণের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে। নেতার আদর্শকে ধারণ করে আমিও এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের লড়াই চলছে। তিনি আরও বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে এই এলাকায় মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং নারী উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বিশেষ করে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগকালে তার সঙ্গে কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ