ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গণভোটে জনঅংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গণভোট একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। ভোটাররা যাতে নির্ভয়ে এবং সঠিক তথ্যের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় গণভোটে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার নিমিত্তে বিভিন্ন প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। সেই আলোকে ভোটারদের সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং যেকোনো অপপ্রচার রোধে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ