মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাজিরা বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুস্তম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই-জান্নাত রশনী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুদ, সাবেক জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল। এসময় বক্তারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিএনপির অবদান স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির সহধর্মিণী নুর-ই-জান্নাত রশনী এলাকার কয়েক শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজু, মো. ফারুক মিজি, আনিছ মৃধা, মমিন আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন