লালমনিরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মানজুরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় মো. নাজিরুল ইসলাম ওরফে নজরুল (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাজিরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের মো. আ. ছাত্তারের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ অক্টোবর কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ইস্কাপসহ নাজিরুল ইসলামকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ও ২৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে (সেশন নং–১৮৬/২২) স্থানান্তরিত হয়। বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

লালমনিরহাট কোর্ট পরিদর্শক মো. আমিরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাচার ও বিক্রির অপরাধে নাজিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রয়োজনীয় আইনি নির্দেশনা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মাদক নির্মূলে আদালতের এই কঠোর রায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন