নড়াইলে পুলিশ সুপারের ওপেন হাউজ ডে: নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

নড়াইলে পুলিশ সুপারের ওপেন হাউজ ডে: নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. আল মামুন শিকদার। সোমবার (১৯ জানুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, চলতি বছর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটানো এবং যোগ্য প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব সাধারণ জনগণের। পুলিশ প্রশাসন কেবল একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা কোনো দ্বিধা ছাড়াই ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের মতামত প্রকাশ করবেন। পুলিশ জনগণের সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার অপরাধ দমনে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশের একার পক্ষে সমাজ থেকে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারণা, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) টিআই মো. কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সদর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মো. তুহিন হাওলাদার, সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু এবং ওসি (অপারেশন) আকরাম হোসেনসহ আরও অনেকে। সভায় উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন