ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে এক ব্যক্তির উত্তপ্ত বাক্যবিনিময় ও অকথ্য ভাষায় গালিগালাজ শোনা যায়। অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখানে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করতে হবে’। এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হবিগঞ্জ জেলা ডিবির ওসি শামীম ইকবাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে আটক করা হয়েছে।
তবে আটকের আগে সকালে সাংবাদিকদের কাছে অডিওটির সত্যতা অস্বীকার করেছিলেন তুষার চৌধুরী। তিনি দাবি করেন, “গত দুই মাস ধরে আমি ওই ওসিকে ফোনই করিনি। আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। কেউ অডিওটি এডিট করে পরিকল্পিতভাবে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।”
তুষার চৌধুরীর আটকের খবর ছড়িয়ে পড়লে বাহুবল উপজেলার কিছু সংখ্যক নেতাকর্মী ঢাকা–সিলেট মহাসড়কে সাময়িক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ