ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সন্দ্বীপ (চট্টগ্রাম): চট্টগ্রামের সন্দ্বীপে পবিত্র তারাবির নামাজ শুরুর আগমুহূর্তে মো. জিহাদ নামের এক মুসল্লির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মাজির মসজিদে এই ঘটনা ঘটে। আহত জিহাদ বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মসজিদে তারাবির নামাজ শুরুর প্রস্তুতি চলাকালে স্থানীয় জামালের নেতৃত্বে একদল যুবক মসজিদের ভেতর থেকে জিহাদকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর মসজিদের প্রাঙ্গণেই তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়। হামলায় গুরুতর জখম অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জেলা আমির আলাউদ্দিন সিকদার। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কর্মীরা এই বর্বরোচিত হামলায় জড়িত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে অ্যাডভোকেট আবু তাহের বলেন, এই ন্যক্কারজনক হামলার সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো সম্পর্ক নেই। হামলাকারীরা স্রেফ দুর্বৃত্ত। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে, মসজিদের ভেতর থেকে মুসল্লিকে টেনে বের করে মারধরের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, মসজিদের ভেতর বা প্রাঙ্গণে হামলার বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ