পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শুভ সমদ্দার, পিরোজপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এরপর পর্যায়ক্রমে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দল দুটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া পিরোজপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী পিরোজপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলাজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন