ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে এই গণসংযোগ চালানো হয়।
ড্যাব বগুড়া শাখার নেতৃবৃন্দ হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), ইনডোর এবং বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগী, তাঁদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণাকালে ড্যাব নেতৃবৃন্দ বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘৩১ দফা’ সম্বলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ড্যাব নেতারা অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যখাত বর্তমানে অব্যবস্থাপনা ও জনবল সংকটে জর্জরিত। তাঁরা ভোটারদের আশ্বস্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের জন্য আধুনিক ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য বিনা মূল্যে মানসম্মত ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ অবারিত করা হবে। চিকিৎসক সমাজ ও রোগীদের অধিকার প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
হাসপাতালের রোগী ও স্বজনদের পক্ষ থেকে এই প্রচারণায় ইতিবাচক সাড়া মিলেছে বলে আয়োজকরা দাবি করেছেন। ড্যাব বগুড়া শাখার নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগ পর্যন্ত জেলার অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও পর্যায়ক্রমে এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ