ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম (সবুজ) বলেছেন, দেশবাসী দীর্ঘদিন ধরে সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল আলম সবুজ আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা যদি দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব জনপ্রতিনিধি চান, তবে যেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করেন। তিনি নির্বাচিত হলে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর এলাকাকে একটি উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, কালাই উপজেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। একইসাথে নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
জনসভাটি কালাই বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হওয়ায় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ