দুই দশক পর কাল নানাবাড়ি ফেনীতে আসছেন তারেক রহমান

দুই দশক পর কাল নানাবাড়ি ফেনীতে আসছেন তারেক রহমান

ফেনী প্রতিনিধি: প্রায় দুই যুগ পর নিজের নানাবাড়ি ফেনীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

২০০৬ সালের পর এটিই ফেনীতে তার প্রথম সফর। তারেক রহমানের এই আগমনকে ঘিরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। বৃহত্তর নোয়াখালীর ১৩টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের এই জনমঞ্চ থেকেই ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

সমাবেশকে স্মরণীয় করে রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে ২০টি বড় পর্দা (এলইডি স্ক্রিন) শহরের বিভিন্ন মোড়ে স্থাপন করা হয়েছে। নেতাকর্মীদের বহনকারী যানবাহনের পার্কিং এবং মাইকিংয়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে জেলা বিএনপি। জনসভা মঞ্চে তারেক রহমান ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি—জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন। জেলা বিএনপির নেতৃবৃন্দ আশা করছেন, তারেক রহমান তার বক্তব্যে ফেনীর এই প্রাণের দাবিগুলো নিয়ে ইতিবাচক ঘোষণা দেবেন। ফেনী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, নির্বাচনকালীন আচরণবিধি মেনে এই জনসভাকে ইতিহাসের বৃহত্তম সমাবেশে পরিণত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন