ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক ঝটিকা অভিযান চালিয়ে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ সদর থানাধীন কীর্তিপুর বাজার এলাকা থেকে গাঁজার এই বিশাল চালানটি জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদ পান যে, কুড়িগ্রাম জেলা থেকে লাকড়ি বোঝাই একটি পিকআপ ভ্যানে করে মাদকের একটি বড় চালান নওগাঁর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে ডিবি পুলিশের একাধিক টিম ঢাকা রোড, রাণীনগর এবং কীর্তিপুর বাজার এলাকায় অবস্থান নেয়, যাতে কোনোভাবেই ট্রাকটি পালিয়ে যেতে না পারে।
সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন পিকআপটি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর বাজারে পৌঁছালে ডিবি পুলিশের বিশেষ টিম সেটির গতিরোধ করে। এ সময় পিকআপের চালক কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের সাহেব আলীর ছেলে মো. আ. সালাম ওরফে শামীমকে (৪৫) আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে পিকআপে থাকা লাকড়ি সরিয়ে তল্লাশি চালালে দুটি বস্তার ভেতর থেকে ৮টি পোটলায় মোড়ানো মোট ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদক চোরাচালানের এই চক্রটির সাথে আর কে কে জড়িত আছে, তা খতিয়ে দেখতে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ