বগুড়ার সাত আসনে প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা

বগুড়ার সাত আসনে প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা

ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৫ জন বৈধ প্রার্থী প্রতীক হাতে পাওয়ার মধ্য দিয়ে ভোটের চূড়ান্ত লড়াইয়ে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা), বগুড়া-২ (শিবগঞ্জ), বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া), বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৫ (শেরপুর-ধুনট), বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এখন বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ তৈরি হয়েছে। প্রতিটি আসনেই প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীর পাশাপাশি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই জেলাজুড়ে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী বিধি অনুযায়ী আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করতে পারবেন। এই দিন থেকেই প্রার্থীরা পোস্টার, লিফলেট, মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যেই শিবগঞ্জ, শেরপুর, ধুনট ও সদরসহ বিভিন্ন এলাকায় প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণার চূড়ান্ত রূপরেখা তৈরি করেছেন। অনেক প্রার্থী নির্বাচনী কার্যালয় খোলার কাজও শুরু করে দিয়েছেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, “সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাব, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।” এদিকে, সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আমেজ শুরু হয়েছে। হাটে-বাজারে ও চায়ের দোকানে এখন আলোচনার মূল বিষয় কে হচ্ছেন তাদের পরবর্তী প্রতিনিধি। বিশেষ করে তরুণ ভোটাররা কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতিকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন